আরইউজের সভায় বক্তারা

অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সাংবাদিকদের বেতনভাতা নিশ্চিত করতে হবে

Printed Edition

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতারা অবিলম্বে সাংবাদিকদের ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ, সঠিক সময়ে বেতনভাতা প্রদান ও অবসরকালীন ভাতা চালুর দাবি জানিয়েছেন। শুক্রবার দুপুরে মহান মে দিবস উপলক্ষে নগরীর অলকার মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) আয়োজিত আলোচনা সভায় তারা এই দাবি জানান।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, অ্যাডভোকেট রজব আলী, ফরিদ আক্তার পরাগ প্রমুখ। এতে অন্যদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা: আবদুল আউয়াল বলেন, সাংবাদিকদের মৌলিক অধিকার ও দাবি আদায়ে আন্দোলনের কোনো বিকল্প নেই। সাংবাদিক নেতা আবদুল আউয়াল নায্য বেতনকাঠামো ঠিক করে যৌক্তিক পরিমাণে বেতনভাতা নির্ধারণ, সব সাংবাদিককে বেতনভাতার আওতায় আনা এবং ওয়েজ বোর্ড কার্যকর করার জোর দাবি জানান।

ড. সাদিকুল ইসলাম স্বপন বলেন, সাংবাদিকরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করেন; কিন্তু তাদেরকে নায্য মজুরি দেয়া হয় না। তারা তাদের প্রকৃত শ্রমের মূল্য পান না। বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়েজ বোর্ড হলেও সেখানে রয়েছে শুভঙ্করের ফাঁকি, কখনোই ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দেয়া হয় না। তিনি প্রবীণ সাংবাদিকদের অবসরকালীন ভাতা চালু করার দাবি জানান।