হাতিরঝিল প্রভাতী সঙ্ঘের সদস্যদের সাথে সেলিম উদ্দিনের মতবিনিময়

Printed Edition
হাতিরঝিল প্রভাতী সংঙ্ঘের সদস্যদের সাথে ঢাকা সিটি উত্তরের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের মতবিনিময় সভা :  নয়া দিগন্ত
হাতিরঝিল প্রভাতী সংঙ্ঘের সদস্যদের সাথে ঢাকা সিটি উত্তরের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের মতবিনিময় সভা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

হাতিরঝিল প্রভাতী সঙ্ঘের সদস্যদের সাথে নগর উন্নয়ন, নাগরিক সেবা ও সামাজিক উদ্যোগ নিয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির, নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

গতকাল শুক্রবার সকালে হাতিরঝিল মহানগর প্রকল্প এলাকার পাবলিক ইয়ার্ডে প্রাতঃভ্রমণ ও শরীরচর্চা শেষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাতিরঝিল প্রভাতী সঙ্ঘের সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হারুন অর রশীদ দুলাল।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন নগর উন্নয়ন ও নাগরিক সেবায় তার বিভিন্ন পরিকল্পনা ও কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, সুস্থ ও সচেতন নাগরিক গড়ে তুলতে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই। মাদক ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে হাতিরঝিল প্রভাতী সংঘের নিয়মিত শরীরচর্চার উদ্যোগ একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরো বলেন, হাতিরঝিল প্রভাতী সঙ্ঘের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তার টিম সবসময় পাশে থাকবে। পাশাপাশি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিগগিরই একটি বৃহৎ পরিসরের বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প আয়োজনের ঘোষণাও দেন।

সভায় বক্তব্য দেন হাতিরঝিল প্রভাতী সঙ্ঘের দায়িত্বশীল ও সদস্যরা। তারা নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে সেলিম উদ্দিনের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ফজলে আহমদ ফজলু, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: খালেদ সাইফুল্লাহ তারেক, হাতিরঝিল প্রভাতী সঙ্ঘের সিনিয়র সহসভাপতি মো: রেহান মিয়া, সহসভাপতি শফিকুর রহমান, তৌফিক আহম্মেদ হিরণ ও শেখ মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক লিয়াকত আলী মোল্লা, কোষাধ্যক্ষ মো: আব্দুল কুদ্দুস এবং উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম এ রশীদ, আশরাফ হোসাইন ও মজিবর রহমানসহ সঙ্ঘের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।