জামায়াত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে বিজয়ী প্রার্থী বিএনপির কিরণ

Printed Edition
শরীয়তপুর-২ আসনে বিএনপির নর্বনির্বাচিত এমপি শফিকুর রহমান কিরন তার প্রতিদ্বন্দ্বী ডা: মাহমুদ হোসেনকে মিষ্টিমুখ করান : নয়া দিগন্ত
শরীয়তপুর-২ আসনে বিএনপির নর্বনির্বাচিত এমপি শফিকুর রহমান কিরন তার প্রতিদ্বন্দ্বী ডা: মাহমুদ হোসেনকে মিষ্টিমুখ করান : নয়া দিগন্ত

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী আলহাজ শফিকুর রহমান কিরণ নির্বাচনে জয়ী হওয়ার পরপরই সৌজন্যমূলক রাজনৈতিক আচরণের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি নিজ উদ্যোগে মিষ্টি নিয়ে পরাজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াত মনোনীত অধ্যাপক ডা: মাহমুদ হোসেন বকাউলের বাসভবনে যান। সেখানে নবনির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন ডা: মাহমুদ হোসেন বকাউলকে। এ সময় তার পরিবারের সদস্যদের সাথেও কুশলবিনিময় করেন তিনি। স্থানীয়দের মতে, দুই নেতার শুভেচ্ছা ও কুশলবিনিময় নড়িয়া-সখিপুরের রাজনীতিতে সম্প্রীতি ও সহনশীলতার ইতিবাচক বার্তা নিয়ে আসবে।

সাক্ষাৎকালে শফিকুর রহমান কিরণ বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণ যাকে যোগ্য মনে করেছেন, তাকেই দায়িত্ব দিয়েছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কখনো ব্যক্তিগত শত্রুতা নয়। আমরা সবাই নড়িয়া-সখিপুরের সন্তান; এলাকার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি রক্ষাই আমাদের মূল লক্ষ্য।