বরিশাল ব্যুরো
প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, নতুন নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা বিভাগের সব কর্মকর্তা-কর্মচারী তাদের দায়িত্ব পালন করবেন। একই সাথে নীতিমালার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কার্যক্রম পরিচালিত হবে।
গতকাল রোববার সকালে বরিশাল নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণী কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, মাসখানেকের মধ্যে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করব। যার আলোকে আমাদের সব কর্মকর্তা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। সেই আলোকে প্রাথমিক শিক্ষা পরিবার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালিত হবে।
প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল এবং উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।



