নিজস্ব প্রতিবেদক
বকেয়া বেতনের দাবিতে তেজগাঁও লিংক রোড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাসা গ্রুপের পোশাক শ্রমিকরা। গতকাল সকালে মহাখালী নাবিস্কোর মাঝামাঝি নাসা গ্রুপের আট শতাধিক শ্রমিক রাস্তায় অবস্থায় নিয়ে বিক্ষোভ করেন।
এসময় তেজগাঁও সাতরাস্তাসহ আশপাশের সড়কে তীব্র যানজট দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশ যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তা খুলে দেয়। প্রায় এক ঘণ্টা পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
অভিযোগ ঈদ পার হলেও তাদের বকেয় বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ, নানা ধরনের অজুহাতে সময়ক্ষেপণ করছে। রোববারও তাদের বেতন দেয়ার তারিখ ছিল। কিন্তু শ্রমিকরা অফিসে গিয়ে জানতে পারেন বেতন দেয়া হবে না। এরপর সবাই একত্র হয়ে বেতনের দাবিতে রাস্তায় নামে। ফলে তেজগাঁও টু মহাখালী-উত্তরা রুটে এবং উত্তরা টু মহাখালী- তেজগাঁও রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দিয়েছে। শিগগিরই বিকল্প রাস্তায় যানবাহনগুলো পার করে দিতে হবে।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নাসা গ্রুপের মালিক পক্ষের সাথে আলাপ করে শ্রমিকদের বেতনের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়। তাদের সেই সিদ্ধান্ত মেনে শ্রমিকরা ঘণ্টাখানের মধ্যে রাস্তা ছেড়ে দেন।



