বগুড়া অফিস
আগামীকাল ৫ জুলাই অনুষ্ঠিতব্য বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (বিসিসিআই) দ্বি-বার্ষিক (২০২৬-২০২৭-২০২৮) নির্বাচন-২০২৬ বিএনপি সমর্থিত প্যানেলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগে বর্তমান নির্বাচন পরিচালনা কমিটি বাতিল করে নতুন পরিচালনা কমিটির অধীনে নির্বাচনের দাবি করেছে জামায়াত সমর্থিত সাধারণ ব্যবসায়ী ঐক্য পরিষদ মনোনীত সেলিম-এরশাদ প্যানেলের প্রার্থীরা।
গতকাল শুক্রবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের সভাপতি প্রার্থী সেলিম রেজা অভিযোগ করেন নির্বাচন পরিচালনা কমিটি শুরু থেকেই একটি প্যানেলের পক্ষে কাজ করছেন। আচরনবিধি লঙ্ঘন করে প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত বাদল-হিরু পরিষদ প্রতিনিয়ত ভোজ সভার আয়োজন ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এসব বিষয়ে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সভাপতি প্রার্থী আতিকুর রহমান বাদলের ম্যানেজার ও ষ্টাফের স্বাক্ষরে প্রায় ছয় শতাধিক ভোটারের পরিচয়পত্র অবৈধভাবে দেয়া হয়েছে। এ বিষয়ে চেম্বারের সচিব প্রথমে অস্বীকার করেন ও পরে অসৌজন্যমূলক আচরণ করা হয়। এসব প্রমাণ করে নির্বাচন কমিটি একটি প্যানেলকে নির্বাচনের আগেই বিজয়ী করতে সব ধরনের অনিয়মের আশ্রয় নিয়েছে। তাদের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই বর্তমান নির্বাচন কমিটি বাতিল করে নতুন কমিটির অধীনে নির্বাচন দিতে হবে। সংবাদ সম্মেলনে প্যানেলের সহসভাপতি প্রার্থী এরশাদুল বারী এরশাদ ও মামুনুর রশিদ, পরিচালক প্রার্থী মাহফুজুল হক, মহররম আলী, জরজিস হোসেন, আব্দুল বাছেত, সৈয়দ সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।
অনিয়ম প্রসঙ্গে বিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা মোছা: আছিয়া খাতুন বলেন, অবৈধভাবে ভোটার পরিচয়পত্র বিতরণের দায়ে চেম্বারের সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং বিতরণকৃত দুইশত কার্ড ফেরত আনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে কাজ করছি।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি সমর্থিত বাদল-হিরু এবং জামায়াত সমর্থিত সেলিম-এরশাদ প্যানেল প্রতিদ্বন্দিতা করছে। নির্বাচনে সভাপতি , সহসভাপতির দু’টি ও নয়টি পরিচালকসহ ১২টি পদে ২৮জন প্রার্থী রয়েছেন। মোট এক হাজার ৭৭ জন ভোটার ৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ টিটু মিলনায়তনে ভোট দেবেন। প্রচারের শেষ দিকে রাত-দিন প্রার্থীরা ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন।



