কালাই (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের বৈরাগীহাট-মোসলেমগঞ্জ-দুর্গাপুর পাকা রাস্তার দু’পাশের সরকারি গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। কয়েকদিনের ব্যবধানে অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি রাতে রাস্তার পাশে থাকা ইউক্যালিপটাসসহ অন্তত ছয়টি গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন ২ জানুয়ারি সকালে আরো একটি বিশাল ইউক্যালিপটাস গাছ কেটে ফেলে রেখে যায় তারা। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে স্থানীয় ইউপি সদস্য নুরুন্নবীকে জানানো হয়। পরে তিনি গাছটি নিজের জিম্মায় নেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং রাস্তার পাশে নতুন করে গাছ লাগানোর দাবি জানিয়েছেন।



