এএনআই
ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে সরকারি কার্যালয় চত্বরে অবস্থিত একটি প্রাচীন মসজিদ গুঁড়িয়ে দেয়ার তীব্র নিন্দা জানিয়েছেন সর্বভারতীয় মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ও হায়দারাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। শনিবার ভোরে স্থানীয় প্রশাসন এটি ভেঙে ফেলে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ওয়াইসি বলেছেন, বেছে বেছে কেবল মুসলমানদের ধর্মীয় স্থাপনাকেই লক্ষ্যবস্তু করা হচ্ছে।
সাহারানপুর জেলা প্রশাসনের দাবি, সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত হওয়ায় বিচারিক প্রক্রিয়া মেনেই স্থাপনাটি সরানো হয়েছে; কিন্তু ওয়াইসি প্রশ্ন তুলেছেন, সংবিধানে বর্ণিত ধর্মীয় স্বাধীনতার মৌলিক অধিকার মুসলমানদের জন্য কার্যকর আছে কি না। তিনি উল্লেখ করেন, ১৯১১ সালের ঐতিহাসিক দলিলেই এই মসজিদের অস্তিত্বের প্রমাণ রয়েছে, যা সাহারানপুর জেলা প্রশাসকের দফতর স্থাপনেরও আগের। ফলে দীর্ঘদিনের ব্যবহারিক ধারাবাহিকতায় এটি ওয়াক্থফ এবং আইনি সুরক্ষার দাবিদার। ওয়াইসির মতে, ক্ষমতাসীন বিজেপি সরকার অন্যায়ভাবে মসজিদ, দরগা ও কবরস্থান উচ্ছেদে তৎপর। প্রশাসনিক আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার সুযোগ না দিয়ে তড়িঘড়ি ভোররাতে এই অভিযান চালানো ন্যায়বিচারের পরিপন্থী। গত জুলাইয়ে সাহারানপুরের সিটি ম্যাজিস্ট্রেট ওই স্থাপনাকে প্রায় ৩১৫ বর্গমিটার সরকারি জমির ওপর বেআইনি দখল হিসেবে চিহ্নিত করে প্রায় ছয় কোটি ৪১ লাখ রুপি জরিমানা ধার্য করেছিলেন। জেলা আদালত পরবর্তী সময়ে সেই নির্দেশ বহাল রাখায় এই উচ্ছেদ চালানো হয়। তবে ওয়াইসি জানান, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সাংবিধানিক ও আইনি লড়াই চালিয়ে যাবেন। আগামী ২০২৭ সালের শুরুর দিকে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলায় এই ঘটনাটি রাজ্যের রাজনৈতিক সমীকরণকে আরো উত্তপ্ত করে তুলতে পারে।



