ক্রীড়া ডেস্ক
২০২৬ বিশ্বকাপে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রে উঠে আসছেন অনেক ফুটবলার। একটি দুর্দান্ত ম্যাচ বা ভাইরাল মুহূর্তই বদলে দিচ্ছে তাদের পরিচিতি, বাড়িয়ে দিচ্ছে কোটি কোটি অনুসারী। তবে বিশেষজ্ঞদের মতে, এই জনপ্রিয়তাকে দীর্ঘমেয়াদি সাফল্যে রূপ দেয়াই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহা। ম্যাচের আগে ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল মাত্র ৫০ হাজার। এক ম্যাচের পরই সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় এক কোটি ৭৪ লাখে, যা অনেক বিশ্বখ্যাত ক্রীড়াবিদের অনুসারীর সংখ্যাকেও ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞরা মনে করেন, লিওনেল মেসি, রোনালদো বা কিলিয়ান এমবাপ্পের মতো প্রতিষ্ঠিত তারকারা অবসরের পরও ব্র্যান্ড মূল্য ধরে রাখতে পারবেন।



