ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফুটবলে প্রথম আগমন আফ্রিকার দেশ কেপ ভার্দের। পাঁচ লাখের একটু বেশি জনসংখ্যার দেশটি অভিষেক আসরেই চমকে দিচ্ছে গোটা ফুটবল বিশ্বকে। চলমান আসরে শিরোপার অন্যতম দাবিদার স্পেনকে প্রথম ম্যাচে রুখে দিয়েছিল জনসংখ্যার দিক দিয়ে বিশ্বকাপে তৃতীয় ক্ষুদ্রতম দেশটি। দ্বিতীয় ম্যাচে এবার জয়শূন্যভাবে মাঠ ছাড়তে বাধ্য করল প্রথম আাসরের স্বাগতিক উরুগুয়েকে। ১৯৩০ আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে ২-২ ড্র করে আরেকটি স্মরণীয় পারফরম্যান্সে প্রথম দুই ম্যাচে অপরাজিতই রইল আটলান্টিক মহাসাগরের স্বাধীন দ্বীপরাষ্ট্রটি।
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে গতকাল উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বল পজিশনে পিছিয়ে থাকলেও জালের ঠিকানা প্রথমেই খুঁজে নেয় কেপ ভার্দে। অভিষেক বিশ্বকাপ আর নিজেদের ইতিহাসে প্রথম গোলটি ছিল দুর্দান্ত। ম্যাচের ২১ মিনিটে চমৎকার ফ্রি-কিকে গোলটি করেন কেভিন পিনা। উল্লাসে ফেটে পড়ল কেপ ভার্দে শিবির। দু’বারের চ্যাম্পিয়নরা ও অবশ্য সেই ধাক্কা সামলে প্রথমার্ধেই সাত মিনিটের মধ্যে দুই গোল করে ঘুরে দাঁড়ায়। তবে ম্যাচে নাটকীয়তা তখনো শেষ হয়নি। স্মরণীয় পারফরম্যান্সে হেলিও ভারেলার গোলে ২-২ সমতা টেনে বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্ট আদায় করে নিলো পশ্চিম আফ্রিকার দেশটি।
৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনহার অবিশ্বাস্য পারফরম্যান্সে প্রথম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য রুখে দিয়েছিল কেপ ভার্দে। দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য ঘটনার জন্ম দিল দু’বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকেও রুখে। এই ড্রর পর দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে উরুগুয়ের পেছনে থেকে তিনে আছে কেপ ভার্দে। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে স্পেন। ১ পয়েন্ট নিয়ে সবার নিচে সৌদি আরব।
ফ্লোরিডায় গতকাল শুরু হওয়া ম্যাচে বল দখলে প্রথম থেকেই এগিয়ে ছিল উরুগুয়ে। তবে এর মাঝে প্রতিপক্ষ গোলরক্ষকের তেমন পরীক্ষা নিতে পারছিল না তারা। ২১ মিনিটে উরুগুয়েকে চমকে দিয়ে এগিয়ে যায় কেপ ভার্দে। প্রায় ৩০ গজ দূর থেকে ফ্রি-কিকে রক্ষণ দেয়ালের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন পিনা। এবারের বিশ্বকাপে সরাসরি ফ্রি-কিকে দ্বিতীয় গোল এটি। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া আক্রমণ চালাতে থাকে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অবশেষে ম্যাচের ৪৪ মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। ৯টি লক্ষ্যভ্রষ্ট শটের পর প্রথম কোনো প্রচেষ্টা লক্ষ্যে রেখে সমতায় ফেরে উরুগুয়ে। কেপ ভার্দের ডিফেন্ডার লোপেস কাব্রাল প্রতিপক্ষের শট বক্সে লাফিয়ে প্রতিহত করার চেষ্টায় হেড দিলে নিজেদের পোস্টে লেগে ফিরে আসে। কাছেই থাকা মাক্সি আরাউহো ডাইভিং হেডে ফাঁকা জালে বল পাঠান। সৌদি আরবের বিপক্ষেও দলকে সমতায় ফিরিয়েছিলেন এই ফরোয়ার্ড।



