এই সরকার নব্য ফ্যাসিবাদ : ড. রেজাউল করিম

Printed Edition
মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতের উদ্যোগে রাসেল কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিরা :  নয়া দিগন্ত
মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতের উদ্যোগে রাসেল কমিউনিটি সেন্টারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম বলেছেন, এই সরকার নব্য ফ্যাসিবাদ। পতিত আওয়ামী ফ্যাসিবাদের মতোই তাদের পতন হবে।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ূন রোডে রাসেল কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৭০ ভাগ জনগণ জামায়াতের পক্ষে রায় দিয়েছে অথচ রাষ্ট্রযন্ত্র ডিপস্টেটের মাধ্যমে নির্বাচনী ফলাফল পরিবর্তন করে বিএনপিকে ক্ষমতায় এনেছে।

এসময় তিনি প্রধানমন্ত্রীর নির্বাচনের আগে দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, বিএনপি তাদের দেয়া নির্বাচনী ইশতেহারের সাথে প্রতারণা করেছে। পতিত স্বৈরাচারীর পরামর্শেই গণভোটের ফল বাস্তবায়ন না করার চেষ্টা করছে। ড. রেজাউল করিম আরো বলেন, বিএনপির জন্মই হলো গণভোটের মাধ্যমে। অথচ তারাই এখন এটি বাস্তবায়নে কূটকৌশলের আশ্রয় নিয়েছে। সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে তিনি বলেন, গণভোটের ফলাফল বাস্তবায়নে গড়িমসি করলে ছাত্রজনতা মধ্যবর্তী নির্বাচনের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে।

মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমানের পরিচালনায় ও থানা আমির মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য আবদুর হাদী, সালাহউদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, হাওলাদার আহমদ আলী, আবদুর রব প্রমুখ।