খুলনায় পিস্তল ও গুলিসহ নারী আটক

Printed Edition

খুলনা ব্যুরো

খুলনায় পাঁচটি বিদেশী পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি (৩৮) নামে এক নারী গ্রেফতার হয়েছে। গতকাল শনিবার নগরীর খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি কোচে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গুলি আটক করে পুলিশ। গ্রেফতার সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলার বাটকেখালি গ্রামের আবদুল করিমের স্ত্রী। তার বাবার নাম আশরাফ উদ্দিন।

নগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তুহিনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৮টা থেকে ঢাকা-সাতক্ষীরা মহাসড়কের নগরীর লবণচরা থানার নিজখামার এলাকায় চেকপোস্ট বসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা বিভাগ ও খুলনা মেট্রোপলিটন পুলিশ। সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সুরাইয়া পারভীন সুমি নামে এক মহিলা যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার করা হয় দু’টি বিদেশী রিভলবার, তিনটি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি। তিনটি পিস্তলের মধ্যে দু’টি নাইন এমএম ও একটি টুটুবোর। এ ছাড়া গুলির মধ্যে রয়েছে ৫০টি টুটুবোর, ২১টি নাইন এমএমএ ও ২৫ রাউন্ড থ্রি টু ফোর পিস্তলের। কেএমপির উপকমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এসব অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল। অস্ত্রসহ আটক হওয়া সুমির নামে এর আগের মাদক মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুমিকে নগরীর লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।