নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিত্যক্ত একটি খামারে অবৈধভাবে ঘোড়া জবাই করে গোশত প্রক্রিয়াজাত করার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক তিনজনকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
গতকাল শুক্রবার সকালে উপজেলার গাজীপুর গ্রামের মিঠু নামের এক ব্যক্তির পরিত্যক্ত খামারে অভিযান চালায় পুলিশ। এ সময় বিক্রির উদ্দেশ্যে জবাই করা ছয়টি ঘোড়ার গোশত উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- নেত্রকোনা জেলার আব্দুল্লাহ (৩৫), নীলফামারী জেলার রবিউল ইসলাম (৩২) এবং রংপুর সদর উপজেলার রুবেল মিয়া (৩৫)।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পশু জবাই ও গোশতের মান নিয়ন্ত্রণ আইনে আটক তিনজনের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় ইউপি সদস্যা লিপি বেগম জানান, খামারটি গ্রামের একপ্রান্তে হওয়ায় সেখানে মানুষের যাতায়াত কম। সেই সুযোগে দুর্বৃত্তরা গোপনে এ অপকর্ম করা সুযোগ পায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গোশত জব্দ করে। ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে বলেন, এলাকায় এ ধরনের ঘটনা এই প্রথম। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন ও স্থানীয়দের আরো সচেতন থাকার আহ্বান জানান তিনি।



