দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মারুফ বলেন, অপরাধীর কোনো দল বা রাজনৈতিক পরিচয় নেই। সে কেবলই একজন অপরাধী। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দমনে সরকারের নীতিগত অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থ বিনষ্টকারী এসব অপরাধী যাতে আইনের ফাঁকফোকর দিয়ে পার পেতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তীè নজরদারি রাখার আহ্বান জানাচ্ছি।
ইউএনও নাছিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার ও দাউদকান্দি থানার ওসি সাজেদুল ইসলাম। ড. মারুফ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আপনারা জনগণের সেবক। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা আপনাদের নৈতিক দায়িত্ব। কাজে কোনো প্রকার গাফিলতি জনগণ বরদাশত করবে না।



