সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অপসাংবাদিকতা রোধে কাজ করতে হবে : পিআইবি মহাপরিচালক

Printed Edition
পিআইবির মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সিলেট প্রেস ক্লাবের নেতৃবৃন্দ : নয়া দিগন্ত
পিআইবির মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন সিলেট প্রেস ক্লাবের নেতৃবৃন্দ : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

সিলেট প্রেস ক্লাব পরিদর্শন করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। গতকাল শুক্রবার দুপুরে পরিদর্শনকালে সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণের বিস্তৃতি ও অপসাংবাদিকতা রোধসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

এ সময় সাংবাদিকরা তৃণমূল পর্যায়ে পিআইবির প্রশিক্ষণ কার্যক্রম আরো বিস্তৃত করা এবং অপসাংবাদিকতা রোধে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

ফারুক ওয়াসিফ বলেন, এসব বিষয়ে পিআইবি তৎপর রয়েছে। দায়িত্ব নেয়ার পর সারা দেশে কয়েক হাজার সাংবাদিকের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।

সিলেট প্রেস ক্লাব সভাপতি মুকতাবিস উন নূর পিআইবি মহাপরিচালককে ধন্যবাদ জানিয়ে সিলেটের সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদরসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।