পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক হাজার দেশীয় গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্বোরিকালচার সেন্টার ও এনভায়রনমেন্ট সোসাইটির সহযোগিতায় গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও প্রাঙ্গণে এ চারা রোপণ শুরু হয়। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ। তিনি বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি কেবল সামাজিক কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি একটি বড় দায়িত্ব।অনুষ্ঠানের সভাপতি ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান জানান, কেবল গাছ লাগানোই নয়, সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বুয়েট ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি শীর্ষ বিশ্ববিদ্যালয় ও ব্যাংকের বিভিন্ন শাখায় এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবদুল করিম, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু হেনা মো: জুলফিকার আলী, আর্বোরিকালচার সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক মো: জসিম উদ্দিন এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।



