সেরা হয়েই এশিয়াডে যাচ্ছেন হৃদয়

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ঘরোয়া আসরে সেরার তকমা নিয়েই এশিয়ান গেমসে যাচ্ছেন মোহতাসিন আহমেদ হৃদয়। গতকাল শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চার দিনব্যাপী র‌্যাংকিং টুর্নামেন্টের শেষে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এশিয়াডের আগে এই টুর্নামেন্টে নিজেকে বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন হৃদয়। ভাল করার প্রত্যয় তার কণ্ঠে, ‘এশিয়াডের মতো বড় আসরে যাওয়ার আগে ঘরোয়া আসরে নিজের দক্ষতা প্রমাইের মঞ্চ পেয়েছিলাম। চ্যাম্পিয়ন হয়ে এখন সেই দক্ষতার প্রমাণ দিয়েছি। আশা করি, এশিয়ান গেমসে ভালো ফল বয়ে আনতে পারব।’

তবে এশিয়াডগামী দলে থাকা অন্য দুই খেলোয়াড় রামহীম লিয়ন বম ও সোনম সুলতানা সোমা সেমিফাইনালে নিজেদের খেলা শেষ করেন। সোমার কথা, ‘খুব একটা ভালো হলো না। কারণ চ্যাম্পিয়ন হতে পারলে খুশি হতাম। তবে এশিয়ান গেমসে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব।’

একই কথা রামহিমের, ‘চেষ্টা করেছিলাম; কিন্তু শিরোপা জিততে পারিনি। তবে এশিয়াডে ভালো খেলতে পারব বলে আশা করি।’ এবারের এশিয়াডে যাওয়া অন্য তিন খেলোয়াড় হলেন- ইমরুল কায়েস ইমন, সামান্থা হোসেন তুশি ও নওরিন সুলতানা মাহি।

উন্মুক্ত প্রাইজমানি র‌্যাংকিং টেবিল টেনিস টুর্নামেন্টের পুরুষ এককে মোহতাসিন আহমেদ হৃদয় এবং নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সাদিয়া রহমান মৌ। অনূর্ধ্ব-১৯ বালক এককে আবুল হাসেন হাসিব, বালিকা বিভাগে খই খই সাই মারমা, অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে মৃদুল রহমান, বালিকা বিভাগে জান্নাত ইসলাম রোজা চ্যাম্পিয়ন হন।