মাদারগঞ্জে চিকিৎসায় অবহেলার অভিযোগে চিকিৎসককে মারধর

Printed Edition

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ে আহত এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলা ও মারধরের অভিযোগও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

নিহত রমিছা বেগম (৫৫) উপজেলার তারতাপাড়া গ্রামের মাছ ব্যবসায়ী চান মিয়ার স্ত্রী।

স্বজনদের অভিযোগ, গত সোমবার রাত ১০টার দিকে সাপের কামড়ে আহত রমিছা বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে রক্ত পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক জানান, এটি বিষধর সাপের কামড় নয়। তবে পরে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো অ্যান্টিভেনম দেয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মামুন অভিযোগ অস্বীকার করে বলেন, সাপে কাটা রোগীর ক্ষেত্রে প্রচলিত চিকিৎসা প্রোটোকল অনুযায়ী রক্ত পরীক্ষা করা হয় এবং পরীক্ষার ফল নেগেটিভ এলেও অ্যান্টিভেনম দেয়ার প্রস্তুতি চলছিল। এ সময় রোগীর স্বজনরা তাকে কবিরাজের কাছে নেয়ার কথা বলে হাসপাতাল থেকে নিয়ে যান।