প্রকল্পভিত্তিক সম্ভাব্য বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা
- পদ্মা ব্যারাজ ৩০০-৮০০
- যমুনা / ব্রহ্মপুত্র ব্যারাজ ৫০০-১,৫০০
- তিস্তা ব্যারাজ আধুনিকায়ন ১০০-৩০০
- খাল ও মাইক্রো-হাইড্রো ৫০-২০০
- সর্বমোট সম্ভাব্য ক্ষমতা ১,০০০-২,৫০০
বাংলাদেশকে ‘আদানি পাওয়ারে’র সাথে চুক্তি অনুসারে ২৫ বছরে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে যে প্রায় ৪০ বিলিয়ন ডলার অর্থ পরিশোধ করতে হবে, তা দিয়েই বাস্তবায়ন করা সম্ভব মহাপরিকল্পনা- ‘পদ্মা-তিস্তা-যমুনা আন্তঃসংযুক্ত ব্যারাজ ও অববাহিকা উন্নয়ন প্রকল্প’। প্রাথমিক হিসাব মতে, এই প্রকল্প থেকে শুধু ব্যারাজভিত্তিক জলবিদ্যুৎ উৎপাদনই সম্ভব ১,৫০০ থেকে ২,৫০০ মেগাওয়াট পর্যন্ত। তবে বিদ্যুৎ প্রাপ্তি এই মহাপরিকল্পনার একটি অংশ মাত্র; এর আসল শক্তি লুকিয়ে আছে খাদ্য ও পানি নিরাপত্তা, নদী পুনরুদ্ধার, নৌ-বাণিজ্য, জলবায়ু অভিযোজন এবং আঞ্চলিক এনার্জি করিডোর কেন্দ্রিক একটি জাতীয় রূপান্তরের মধ্যে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি ‘বিদ্যুৎ প্রকল্প’ নয়, বরং এটি বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদি ‘ওয়াটার-এনার্জি-ফুড ইন্টিগ্রেশন মডেল’।
ভূপ্রকৃতির সীমাবদ্ধতা ও জলবিদ্যুতের সম্ভাব্য চিত্র
বাংলাদেশের নদীগুলো সমতল হওয়ায় প্রথাগত পাহাড়ি অঞ্চলের মতো বড় উচ্চতা পার্থক্য (ঐরময ঐবধফ) নেই। ফলে এখানে হাজার মেগাওয়াটের স্টোরেজ-টাইপ হাইড্রো পাওয়ার স্টেশন নির্মাণ সম্ভব নয়। তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লো-হেড (স্বল্প উচ্চতা), রান-অফ-রিভার এবং পাম্পড স্টোরেজ মডেলে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
প্রাক্কলিত ব্যয় ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ কাঠামো
বিশেষজ্ঞ ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই মহাপরিকল্পনা বাস্তবায়নে ২৫ বছরে আনুমানিক ৪০ বিলিয়ন থেকে ৯০ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫ থেকে ১১ লাখ কোটি টাকা) ব্যয়ের সম্ভাবনা রয়েছে।
আর এটি একক কোনো বছরের বাজেট নয়, বরং ১৫ থেকে ৩০ বছরের ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য একটি প্রজন্মব্যাপী বিনিয়োগ কাঠামো।
খাতভিত্তিক সম্ভাব্য ব্যয়ের কাঠামো (ধাপ অনুসারে):
- পদ্মা ব্যারাজ ও রেগুলেটর : ৮-১৫ বিলিয়ন ডলার
- যমুনা/ব্রহ্মপুত্র ব্যারাজ : ১০-২০ বিলিয়ন ডলার
- তিস্তা আধুনিকায়ন ও সংযোগ : ৩-৮ বিলিয়ন ডলার
- নদী পুনঃখনন ও আন্তঃনদী খাল নেটওয়ার্ক : ৫-১২ বিলিয়ন ডলার
- পাম্পড স্টোরেজ ও হাইড্রো অবকাঠামো : ৪-১০ বিলিয়ন ডলার
- বন্যা নিয়ন্ত্রণ ও তীর সংরক্ষণ : ৩-৮ বিলিয়ন ডলার
- স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট (ডিজিটাল সিস্টেম) : ১-৩ বিলিয়ন ডলার
- ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন : ৩-৭ বিলিয়ন ডলার
- ট্রান্সমিশন ও গ্রিড অবকাঠামো : ৩-৬ বিলিয়ন ডলার
- পরিবেশগত ভারসাম্য ও নদী পুনর্বাসন : ১-৩ বিলিয়ন ডলার
চার স্তরের ‘রিভার বেসিন গ্রিড’ মডেল
এই ধারণাটি মূলত একটি বহুস্তরীয় নদী-অর্থনীতি ও আঞ্চলিক জলব্যবস্থাপনা কৌশল। তাত্ত্বিকভাবে এই ‘রিভার বেসিন গ্রিড’ চারটি সুনির্দিষ্ট স্তরে কাজ করবে :
১. পানি সংরক্ষণ ও পুনর্বণ্টন : শুকনো মৌসুমে পানি সঙ্কট দূর করতে ব্যারাজের মাধ্যমে পানি ধরে রাখা হবে।
২. বন্যা নিয়ন্ত্রণ : বর্ষার অতিরিক্ত পানি নিয়ন্ত্রণ ও আংশিক সংরক্ষণের মাধ্যমে আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি কমানো।
৩. কৃষি সেচ সম্প্রসারণ : ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে খাল নেটওয়ার্কের মাধ্যমে সেচ সুবিধা নিশ্চিত করা।
৪. কৌশলগত জ্বালানি উৎপাদন : বিশেষ করে সৌর-হাইড্রো হাইব্রিড এবং পাম্প স্টোরেজ সিস্টেমের ব্যবহার।
এনার্জি খাতের তিন স্তরের কৌশল
১. ব্যারাজ-ইন্টিগ্রেটেড টারবাইন : পানি নিয়ন্ত্রিত প্রবাহের মাধ্যমে গ্রিডের জন্য সাপ্লিমেন্টারি সোর্স বা সম্পূরক বিদ্যুৎ উৎপাদন।
২. পাম্পড স্টোরেজ (কৌশলগত উৎস) : দিনে সৌরবিদ্যুতের উদ্বৃত্ত অংশ দিয়ে পানিপাম্প করে ওপরে ধরে রাখা হবে এবং রাতে সেই পানি ছেড়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। এটি জাতীয় গ্রিডের স্থিতিশীলতা রক্ষা করবে।
৩. মাইক্রো/মিনি হাইড্রো : গ্রামীণ এনার্জি বিকেন্দ্রীকরণে সেচ খালগুলোতে ছোট স্কেলে বিদ্যুৎ উৎপাদন।
সম্ভাবনা ও বহুমাত্রিক লাভ
এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে এক অভূতপূর্ব রূপান্তর ঘটবে
- পরিবেশগত পুনরুদ্ধার : পদ্মা ব্যারাজের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পানি ধরে রাখা সম্ভব হলে মৃতপ্রায় নদীগুলো সচল হবে, যা সুন্দরবনের ওপর পরিবেশগত চাপ কমাবে।
- কৃষি ও ভূগর্ভস্থ পানি রক্ষা : তিস্তা ব্যারাজের আধুনিকায়ন উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন স্থিতিশীল করবে এবং মাটির নিচের পানির ওপর চাপ কমাবে।
- অর্থনৈতিক উপজাত : অভ্যন্তরীণ নৌপরিবহন পুনরুজ্জীবিত হবে, লবণাক্ততা ছড়ানো নিয়ন্ত্রণ করা যাবে এবং সেচকাজে ডিজেল আমদানি কমবে।
চ্যালেঞ্জ ও মেগা-স্ট্র্যাটেজির ঝুঁকি
সম্ভাবনার পাশাপাশি এই মহাপরিকল্পনার সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা ও ভূরাজনৈতিক ঝুঁকি রয়েছে, যা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই:
- উজাননির্ভর পানি রাজনীতি : ব্রহ্মপুত্র ও তিস্তার পানির উৎস ভারতের হাতে থাকায় এককভাবে স্থায়ী উৎপাদনের নিশ্চয়তা দেয়া কঠিন। এর জন্য প্রয়োজন শক্তিশালী আঞ্চলিক কূটনৈতিক সমঝোতা।
- পলি ও পলিমাটি ব্যবস্থাপনা : বাংলাদেশের নদীতে বিপুল পরিমাণ পলি আসে। ধারাবাহিক ড্রেজিং ও জটিল হাইড্রোলজিক্যাল মডেলিং ছাড়া এই ব্যারাজ সচল রাখা অসম্ভব।
- রক্ষণাবেক্ষণ সক্ষমতা ও বিশাল ব্যয় : দীর্ঘমেয়াদে এই মেগা-অবকাঠামো রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন উচ্চ কারিগরি সক্ষমতা এবং বিশাল বাজেটের ধারাবাহিকতা।
‘হাইড্রো সুপার পাওয়ার’ নয়, লক্ষ্য ‘হাইড্রো-ইন্টেলিজেন্ট’ বাংলাদেশ
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভৌগোলিক কারণে হয়তো ভুটান বা নেপালের মতো ‘হাইড্রো সুপার পাওয়ার’ হতে পারবে না, তবে এই প্রকল্পের মাধ্যমে একটি ‘হাইড্রো-ইন্টেলিজেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ গড়ে তুলতে পারবে। এই নেটওয়ার্কের প্রকৃত মূল্য শুধু উৎপাদিত বিদ্যুতের ইউনিটে পরিমাপ করা যাবে না; বরং পানি, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জ্বালানিকে এক সুতোয় বেঁধে এটি বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনের ধাক্কা থেকে বাঁচিয়ে একটি স্থায়ী অর্থনৈতিক ভিত্তি দেবে।
পরের কিস্তিতে পড়ুন : বাংলাদেশের জলবিদ্যুতের বাস্তব টেকনিক্যাল ম্যাপ ও আদানি মডেলের ব্যবচ্ছেদ



