নয়া দিগন্ত ডেস্ক
সৃষ্টিকর্তার কাছে মানুষ সাধারণত সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, চাকরি, বিয়ে কিংবা সংসারের সুখ-শান্তির জন্য প্রার্থনা করে থাকে। কিন্তু ভারতের অন্ধ্র প্রদেশের একটি মন্দিরের দানবাক্সে পাওয়া গেছে সম্পূর্ণ বিপরীতধর্মী এবং ভীতিকর এক চিরকুট। ২০ রুপির একটি নোটের ওপর হাতে লেখা ওই চিরকুটে প্রার্থনা করা হয়েছে- যাতে এক ভক্তের ‘অত্যাচারী’ চাচি দ্রুত মারা যান।
অন্ধ্র প্রদেশের অনন্তপুর জেলার সুব্রহ্মণেশ্বর স্বামী মন্দিরে ঘটনাটি ঘটেছে। এই অদ্ভুত চিরকুটটি প্রকাশ্যে আসার পর মন্দিরের সেবায়েত, কর্মকর্তা এবং সাধারণ ভক্তদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি সপ্তাহের মতো মন্দিরের হুন্ডি বা দানবাক্সে জমা পড়া ভক্তদের অর্থ ও অন্যান্য প্রণামি গোনার কাজ করছিলেন কর্মকর্তারা। বিভিন্ন মূল্যমানের নোট ও কয়েন সাজানোর সময় এক কর্মকর্তার চোখে পড়ে ২০ রুপির একটি নোট, যার ওপর কলম দিয়ে কিছু একটা লেখা রয়েছে।
কৌতূহলবশত নোটটি হাতে নিয়ে পড়তে গিয়ে হতবাক হয়ে যান মন্দিরের কর্মীরা। অত্যন্ত অনুনয়-বিনয় বা অনুরোধের সুরে তেলেগু ভাষায় নোটে লেখা ছিল : ‘স্বামী (হে ঈশ্বর), আমি আমার চাচির অত্যাচার আর সহ্য করতে পারছি না। দয়া করে নিশ্চিত করুন, যাতে তিনি খুব দ্রুত মারা যান।’
নোটটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যেও এটি নিয়ে তুমুল আলোচনা চলছে।



