অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই : প্রতিমন্ত্রী মীর হেলাল

Printed Edition

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, অপরাধী যে দলের বা পরিচয়েরই হোক, কোনো অবস্থাতেই তাকে ছাড় দেয়া হবে না। চাঁদাবাজি, সন্ত্রাস বা অন্য কোনো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গত বুধবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ সম্মেলন কে অনুষ্ঠিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে। রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর জন্য ঢাল হতে পারে না। সম্প্রতি হাটহাজারীতে চাঁদাবাজির একটি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি তার আস্থা থাকলেও কেউ রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধে জড়ালে দলীয় বা আইনি কোনো পর্যায়েই ছাড় পাবে না। সন্ত্রাস ও অপরাধের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই; তাদের একমাত্র পরিচয় অপরাধী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতারা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।