বিনোদন প্রতিবেদক
এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী রাইসা জান্নাত খান। কিছুদিন আগে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনের ঘরোয়া আয়োজনে সৈয়দ আব্দুল হাদীকে তারই গাওয়া জনপ্রিয় গান ‘আমি তোমারি প্রেম ভিখারি’ গানটি শোনানোর সুযোগ হয়েছিল রাইসার। রাইসার গান শুনে ভীষণ মুগ্ধ হন সৈয়দ আব্দুল হাদী। জন্মদিনে সৈয়দ আব্দুল হাদীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাকে সালাম করে তার কাছ থেকে দোয়া নেন রাইসা। সৈয়দ আব্দুল হাদীর কাছ থেকে নিজের গায়কীর প্রশংসা শুনে শুধু বিস্ময়েল চোখে তাকিয়ে ছিলেন রাইসা, আর দোয়া চেয়েছেন আগামীতে যেন গানে আরো ভালো করতে পারেন। রাইসা জান্নাত খান, নিজের কিছু মৌলিক গান নিয়ে পরিকল্পনা করছেন। এরই মধ্যে কয়েকটি মৌলিক গানের সাথে যুক্ত হওয়ার ব্যাপারে চূড়ান্তও হয়েছেন তিনি। একসময় তার মৌলিক গান লেজার ভিশন থেকে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে মৌলিক গান প্রকাশে খুব বেশি মনোযোগ না দিতে পারলেও এই সময়ে এসে মৌলিক গানে মনোযোগ দিচ্ছেন তিনি। রাইসা জান্নাত খান বলেন, ‘সত্যি বলতে কি, কম করি বা বেশি করি ঢাকা কিংবা ঢাকার বাইরে স্টেজ শোতেই গান গাইতে আমার স্বাচ্ছন্দ্য বেশি। যে কারণে আমি যতটুকুই ব্যস্ত থাকি তা স্টেজ শোতেই। বাকি যেটুকু সময় পাই সেই সময়টুকু বাসাতেই নিজের মতো কাটাতে ভালোবাসি। মাঝেমধ্যে গানও প্র্যাকটিস করি। বিশেষত শ্রদ্ধেয় কনকচাঁপা আপার গান আর শ্রদ্ধেয় লতা জি, আশা জির গান। কারণ আমাকে যারা নিয়মিত স্টেজ শোতে পারফর্ম করানোর চিন্তা করেন তারা আমার কাছ থেকে এই তিন গুণী শিল্পীর গানই শোনার প্রত্যাশা করেন। আর আমার সবকিছু গানকে ঘিরেই। গানই আমার ধ্যান-জ্ঞান। আমার জীবনে এমন কখনো হয়নি যে, কেউ বলেছেন, রাইসা একটি গান গাও তো- আর আমি গাইনি। গান গাইতেই যেন আমার শান্তি লাগে, ভালোলাগে।’



