বাংলাদেশ-জাপান শিক্ষা নিয়ে ঢাবিতে সেমিনার

জাপানে উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানোর আহ্বান ভিসির

Printed Edition

উচ্চশিক্ষা, গবেষণা এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ-জাপান সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ কাজে লাগিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

গতকাল সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে সেমিনারে এবং বাংলাদেশে জাপান দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এ টি এম জাফরুল আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং ঢাকাস্থ জাপান দূতাবাসের কর্মকর্তা ইউ আওয়াগি।

অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তার বক্তব্যে আরো বলেন, জাপানের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক অঙ্গনে উচ্চমানের শিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং একাডেমিক উৎকর্ষের জন্য সুপ্রতিষ্ঠিত। বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য জাপানে অধ্যয়ন কেবল একটি একাডেমিক ডিগ্রি অর্জনের সুযোগ নয়; বরং এটি গবেষণা দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা, পেশাগত যোগ্যতা, আন্তঃসাংস্কৃতিক যোগাযোগ এবং নেতৃত্বের গুণাবলি বিকাশের একটি অনন্য ক্ষেত্র।

ভিসি আরো বলেন, বাংলাদেশ বর্তমানে দ্রুত অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রাকে টেকসই করতে প্রকৌশল, কৃষি, তথ্যপ্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার কোনো বিকল্প নেই। জাপানে শিক্ষালাভকারী শিক্ষার্থীরা দেশে ফিরে অর্জিত জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবনী চিন্তা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

সেমিনারে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা, গবেষণা, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি সুবিধাসহ, শিক্ষার্থী জীবন এবং বাংলাদেশ-জাপান একাডেমিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থী এবং জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।