টি-২০ র‌্যাংকিংয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

টি-২০ র‌্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ গতকাল প্রকাশ করেছে আইসিসি। এতে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে শ্রীলঙ্কাকে টপকে ছেলেদের টি-২০তে অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা। অন্য দিকে নারী ক্রিকেটেও রেটিং পয়েন্ট বাড়িয়ে অবস্থান শক্তিশালী করেছে বাংলাদেশ নারী দল। ১ মে প্রকাশিত র‌্যাংকিংয়ে মেয়েদের ৫ রেটিং পয়েন্ট বাড়িয়ে পাকিস্তানকে পেছনে ফেলে নবম স্থানে থাকা আয়ারল্যান্ডের চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে ১০ নম্বরে টাইগ্রেসরা।

বার্ষিক হালনাগাদে সর্বশেষ র‌্যাংকিংয়ে ২০২৫ সালের মে মাস থেকে খেলা সব ম্যাচকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেয়া হয়েছে। এতে ৬ পয়েন্ট হারিয়ে ২২১ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কা। আর ১ পয়েন্ট পেয়ে ২২৫ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার পরেই এক পয়েন্ট পেছনে থেকে দশম স্থানে আফগানিস্তান।

আইসিসি র‌্যাংকিংয়ের সেরা সাতে কোনো পরিবর্তন আসেনি। ২৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২। ২৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অস্ট্রেলিয়া। চার নম্বরে নিউজিল্যান্ড। ৩ পয়েন্ট কম নিয়ে ২৪৪ পয়েন্টের সুবাদে পাঁচে দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ অবস্থানে থাকা পাকিস্তানের পয়েন্ট ২৪০। ৭ পয়েন্ট কম নিয়ে সপ্তম ওয়েস্ট ইন্ডিজ। বড় লাফ দিয়েছে যুক্তরাষ্ট্র। ৬ পয়েন্ট বাড়িয়ে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠেছে তারা। এতে ১৪ ও ১৫তম স্থানে যথাক্রমে নেমে গেছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড।