কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতাকে ধরতে অভিযান হামলায় ৬ পুলিশ আহত

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের খুলশীতে শীর্ষ সন্ত্রাসী ও বহিষ্কৃত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেফতারে অভিযান চালিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের সাথে হামলাকারীদের সংঘর্ষের মধ্যে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় ওসিসহ অন্তত ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের ওয়্যারলেস মোড় ও পাহাড়তলী এলাকায় এ ঘটনা ঘটে।

ওয়াকিল হোসেন বগা ওয়্যারলেস কলোনির মোহাম্মদ জাবেদের ছেলে। দীর্ঘদিন ধরে খুলশী, পাহাড়তলী ও আকবর শাহ এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও দখলবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ৮ জুন শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, পাহাড়তলী ডিগ্রি কলেজের প্রভাষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধর এবং কলেজের অধ্যক্ষকে ভিডিও কলে রেখে নির্যাতনের ঘটনায় করা মামলায় ওয়াকিল হোসেন বগাকে ২ নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।