চকবাজারে নিষিদ্ধ পলিথিন কারখানায় র‌্যাবের অভিযান ৩০ হাজার টাকা জরিমানা

Printed Edition

ঢাকা জেলা প্রতিনিধি

রাজধানীর চকবাজার থানার পোস্তা এলাকায় একটি নিষিদ্ধ পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আরেকটি প্লাস্টিক কারখানার মালিককে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু হাসানের নেতৃত্বে এবং পরিবেশ অধিদফতরের সমন্বয়ে র‌্যাব-১০-এর সিপিএসসি লালবাগ ক্যাম্পের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব জানায়, অভিযানে পোস্তা এলাকার একটি পলিথিন কারখানার মালিক মো: জুয়েল রানাকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একটি প্লাস্টিক কারখানার মালিককে সতর্ক করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, মাদক, ভেজাল, জালিয়াতি, নকল পণ্য এবং নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।