কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সেবা শতভাগ অনলাইনে

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) সফটওয়্যারের মাধ্যমে ইউটিলাইজেশন পারমিশন বা ইউপিসংক্রান্ত সেবা শতভাগ অনলাইনে দেয়ার কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গতকাল থেকে ইউপি ইস্যু সংক্রান্ত সব ধরনের আবেদন ও অনুমোদন কার্যক্রমে সিবিএমএস সফটওয়্যার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এনবিআর থেকে এসংক্রান্ত পরিপত্র জারি করেছে। পরিপত্র অনুযায়ী, এনবিআরের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে এখন থেকে সব ইউপি অনলাইনে ইস্যু করা হবে। ফলে ম্যানুয়ালি ইউপি আবেদন গ্রহণ ও অনুমোদনের প্রক্রিয়া বন্ধ হয়ে গেল।

বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনভিত্তিক সেবা দিতে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এনবিআর সিবিএমএস সফটওয়্যার চালু করে। এই সফটওয়্যারের মাধ্যমে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলো শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদফতরের অনুমোদিত নীতিমালা অনুযায়ী অনলাইনে ইউপি গ্রহণ করতে পেরেছে। অনলাইনে ইউপি ইস্যু চালুর ফলে বন্ডেড প্রতিষ্ঠানগুলোকে আর কাগজপত্র জমা দিতে কিংবা সরাসরি কাস্টমস বন্ড কমিশনারেটে উপস্থিত হতে হবে না। আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও অনুমোদন- সব কার্যক্রমই এখন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হচ্ছে।

এনবিআর জানায়, সিবিএমএস সফটওয়্যার ব্যবহারের ফলে- ইউপি সংক্রান্ত সেবায় গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে, ম্যানুয়াল প্রক্রিয়া ও ব্যক্তিনির্ভরতা কমবে, আবেদন প্রক্রিয়া হবে সহজ ও ব্যয় সাশ্রয়ী, বন্ড ব্যবস্থাপনায় তথ্য সংরণ ও নজরদারি আরো কার্যকর হবে, বন্ডসংক্রান্ত বিরোধ ও মামলা কমে আসাসহ বিভিন্ন সুবিধা যোগ হবে।

অনলাইনে ইউপি সেবা চালু হওয়ায় বন্ডেড ওয়্যারহাউজ, সুবিধাভোগী রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো অধিকতর সুবিধা পাবে। এর ফলে দেশের রফতানি বাণিজ্য আরো গতিশীল হবে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে উঠবে বলেও মনে করে এনবিআর।