নেদারল্যান্ডসের রাইট উইং-ব্যাক ডেনজেল ডামফ্রিসকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়ার মাদ্রিদ। চার বছরের চুক্তিতে ইন্টারমিলান ছেড়ে সান্তিয়াগো বার্নাব্যুতে পাড়ি জমিয়েছেন ৩০ বছর বয়সী এই ফুটবলার। যদিও দুই ক্লাবের কেউই আর্থিক অঙ্ক প্রকাশ করেনি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি- ডামফ্রিসের দুই কোটি ইউরো (প্রায় দুই কোটি ২৯ লাখ মার্কিন ডলার) রিলিজ ক্লজ সক্রিয় করেই তাকে দলে নিয়েছে লস ব্লাঙ্কোস। চলতি দলবদলে রিয়াল মাদ্রিদের চতুর্থ সাইনিং তিনি। এর আগে মার্ক কুকুরেয়া, বের্নার্দো সিলভা ও ইব্রাহিমা কোনাতেকেও দলে ভিড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।
২০২১ সালে পিএসভি আইন্দহোভেন থেকে ইন্টারে যোগ দিয়েছিলেন ডামফ্রিস। পাঁচ মৌসুমে ইতালিয়ান ক্লাবটির হয়ে নিজেকে নির্ভরযোগ্য রাইট উইং-ব্যাক হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। ইন্টারের জার্সিতে ২০৭টি ম্যাচ খেলে করেছেন ২৭টি গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৮টি গোল। মিলানের ক্লাবটির হয়ে মোট আটটি শিরোপা জিতেছেন ডাচ এই ডিফেন্ডার। এর মধ্যে রয়েছে দু’টি সিরি আ এবং তিনটি কোপা ইতালিয়া। ডামফ্রিস সর্বশেষ নেদারল্যান্ডসের হয়ে ২০২৬ বিশ্বকাপেও খেলেছেন। তবে শেষ বত্রিশে মরক্কোর কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ডাচরা।



