বগুড়ায় হত্যা ছিনতাই বাড়ায় উদ্বিগ্ন স্থানীয়রা

Printed Edition

আবুল কালাম আজাদ বগুড়া

বগুড়ায় খুন, ধর্ষণ, ছিনতাই, আত্মহত্যাসহ সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে হত্যার ঘটনা বেড়েছে উদ্বেগজনকহারে। সার্বিক অবস্থায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপে মানুষ সন্তুষ্ট নন।

গত ১৫ দিনে বগুড়ায় কমপক্ষে ১৫টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে রাজনৈতিক হত্যাকাণ্ড না ঘটলেও আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ, পারিবারিকসহ বিভিন্ন কারণে প্রাণহানি উদ্বেগজনক। হত্যাকাণ্ডের শিকারদের মধ্যে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীও রয়েছেন।

সন্ত্রাসী আলাল খুন : বগুড়া জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও তার বাহিনীর মারধরে গুরুতর আহত ব্যবসায়ী ও যুবলীগ নেতা মতিন সরকারের শ্যালক আলাল শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে। তার বিরুদ্ধে থানায় খুনসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে।

গত ২৮ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের ফতেহ আলী বাজার কাঁচামাল ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলাল শেখকে (৪৬) ভোটের দিন বাজার থেকে তুলে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়ার ঘটনা ঘটে। পুলিশ বলছে, জেলা যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে আলাল শেখকে ফতেহ আলী বাজার থেকে তুলে নিয়ে মালগ্রাম ডাবতলা এলাকায় একটি বাগানের মধ্যে বেঁধে রেখে পিটিয়ে দুই পা ও একটি হাত ভেঙে দেয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বেলা ৩টার দিকে তাকে ঢাকায় পাঠানো হয়। আলাল শেখ শহরের চকসূত্রাপুর এলাকার মেরু শেখের ছেলে। এ ছাড়া তিনি বগুড়া শহর যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কারাবন্দী মতিন শেখের শ্যালক। আলাল শেখের নামে হত্যা, মাদকসহ ১০টি মামলা রয়েছে। গত দেড় বছরের মধ্যে আলাল শেখকে পুলিশ তিনবার গ্রেফতার করেছিল। সম্প্রতি তিনি জামিনে ছিলেন বলে জানিয়েছেন বগুড়ার ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার। তিনি জানান, খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল খোঁজ করতে থাকে। পরে ডিবি পুলিশ জানতে পারে আলাল শেখ নামের ওই ব্যক্তিকে মালগ্রাম ডাবতলা এলাকায় একটি বাগানের মধ্যে বেঁধে রেখে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়া হয়েছে। এ ঘটনার সাথে যুবদল নেতা শফিকুল ইসলাম ও তার লোকজন জড়িত। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ চারজনকে আটক করে। ডিবির ওসি আরো জানান, শফিকুল ইসলামের বাড়ি চকসূত্রাপুরে হলেও বেশ কয়েক বছর ধরে তিনি মালগ্রামে বসবাস করছেন। শফিকুলের সাথে আলাল শেখ ও তার ভগ্নিপতি মতিন শেখের বিরোধ দীর্ঘদিনের। এই বিরোধের জের ধরে আলাল শেখকে তুলে নেয়ার ঘটনা ঘটে।

এ দিকে যুবদল নেতা শফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আলাল শেখ শহরের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি। আওয়ামী লীগ শাসনামলে তাদের অত্যাচারে অসংখ্য মানুষ বাড়িছাড়া। তার সাথে অনেকের শত্রুতা রয়েছে। শত্রুতার জের ধরেই কে বা কারা আলাল শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে।

এ ঘটনার পরদিন আলাল শেখের বাবা সিদ্দিকুর রহমান মেরু বাদি হয়ে যুবদল নেতা শফিককে প্রধান আসামি করে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেন।

বৃদ্ধ খুন : গাবতলী উপজেলায় একটি শ্যালো মেশিনের ঘরের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২৯ মার্চ উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের শালমারা বিলের চরে তার লাশ পাওয়া যায়। নিহত মো: আব্দুল লতিফ আকন্দ (৬৫) গাবতলী উপজেলার নিশিন্দারা পাঁচমাইল এলাকার মৃত মোবারক আকন্দের ছেলে। জানা যায়, আবদুল লতিফ আকন্দ পেশায় কৃষক ছিলেন। তিনি শালমারা বিলের চরে নিজের শ্যালো মেশিনের ঘরে অবস্থান করে জমিতে সেচের কাজ করতেন। শনিবার রাতে সেচ দেয়ার জন্য তিনি ওই ঘরেই ছিলেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। রোববার সকালে স্থানীয় লোকজন শ্যালো মেশিনের ঘরে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। গাবতলী মডেল থানার ওসি রাকিব হাসান বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে।

যুবক হত্যা : সারিয়াকান্দি উপজেলায় ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন (২৪) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। গত বুধবার উপজেলার জোড়গাছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শয়ন জোড়গাছা গ্রামের মৃত টিপু মণ্ডলের ছেলে ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। তিনি বিএনপি নেতা ও ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াারম্যান লুৎফুল হায়দার রুমির ভাতিজা।

ভ্যানচালক খুন : দুপচাঁচিয়া উপজেলায় এক অটোচার্জার ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার জিয়ানগর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে মোজাম উদ্দিন শাহ (৫৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। নিহত মোজাম উদ্দিন শাহ দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়য়িা গ্রামের মৃত মহির উদ্দিন শাহর ছেলে।

ছাত্রদল নেতা খুন : গত শনিবার সকালে মাটিডালী বিমানমোড় এলাকায় বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আবদুর রশিদের ছেলে ও বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ফাহিম হোসেনকে (১৯) ছুরিকাঘাত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম মারা যায়। জানা যায়, শনিবার ফাহিম মাটিডালী এলাকায় যাচ্ছিলেন। পথে মাটিডালী বিমানমোড় এলাকায় তনয় নামে একজন ফাহিমের পথ রোধ করে বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম মারা যায়।

সুইপার খুন : বায়তুন রহমান সেন্ট্রাল মসজিদের সামনে গত ১২ ফেব্রুয়ারি ৫০০ টাকা চাঁদা না দেয়ায় মাদক কারবারির ছুরিকাঘাতে আহত বগুড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী সুনীল বাঁশফোড় (২৩) চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ফেব্রুয়ারি মারা গেছেন। সে শহরের সেউজগাড়ী সুইপার কলোনির সন্তোষ বাঁশফোড়ের ছেলে। হরিজন সম্প্রদায়ের বগুড়া জেলা সভাপতি দীপক রাম বলেন, প্রকাশ্য দিবালোকে ৫০০ টাকার জন্য আমাদের এক ছেলে সুনিলকে চাকু মেরে হত্যা করা হলো, অথচ পুলিশ এখনো মূল আসামিকে ধরতে পারল না।

ট্রাকচালককে হত্যা : গত ১৪ ফেব্রুয়ারি রাতে গাবতলী উপজেলার সেন্দাবাড়ী এলাকায় সাইফুল ইসলাম (৪০) নামের এক ট্রাক মালিককে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। উপজেলার সেন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের একটি ঘাসের জমিতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত সাইফুল ইসলাম ওই এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে।

এ ছাড়া এই সময়ের মধ্যে শেরপুরে মতিয়ার রহমান নামের ৬৯ বছর বয়সী বৃদ্ধকে পিটিয়ে হত্যা, সোনাতলায় যৌতুকের জন্য সীমা রানী (২৩) নামের এক নারীকে স্বামী পিটিয়ে হত্যা, সারিয়াকান্দিতে ৯ বছর বয়সী শিশুকে ধর্ষণ, সোনাতলায় পারিবারিক কলহে আনসার সদস্য আব্দুল ওহাব, পূর্ববিরোধের জের ধরে আদমদীঘিতে উম্মে হাবিবা উর্মিকে (৩৬) ছুরিকাঘাতে হত্যা, শান্তাহারে তরুণী রিমু বেগমকে (১৯) হত্যা করে স্বামী। এ ছাড়া গত সপ্তাহে বগুড়া নিউমার্কেটে ও পৌর মার্কেটে দু’জনকে ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়েছে।

এ দিকে রাতে শহরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশেষ করে মধ্যরাতের পর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষজন ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। এখানে টহল পুলিশের ভুমিকা রহস্যজনক বলে অভিযোগ ভুক্তভোগীদের।