নিজস্ব প্রতিবেদক
সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগে ছয়জনকে আটক করেছে র্যাব। তারা হলেন- জয়নাল আবেদীন মানিক, রবিন তাজ, মামুন লস্কর সরকার, মো: হেলাল উদ্দিন, নজরুল ইসলাম ও মো: ইসমাইল ওরফে রুবেল।
গতকাল রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, গত বছরের শেষভাগ থেকে বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট ছড়িয়ে পড়ে। এতে ভুক্তভোগীদের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণœ হয়। যার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। তদন্তকারী কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ের সূত্রধরে র্যাব জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সাথে এই চক্রের অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এ সময় উপস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (আইটি বিশেষজ্ঞ) তানভীর হাসান জোহা বলেন, ইদানিং রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে নিয়ে টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউবের বিভিন্ন চ্যানেলে এআই জেনারেটেড কিছু ছবি ফ্যাসিবাদী গ্রুপ পরিকল্পিতভাবে ছড়ায়। এ বিষয়ে চারটি মামলা হয়েছে।



