নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকার অভিযোগ জামায়াতের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই। এ ধরনের পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মনে করে জামায়াতে ইসলামী।

গতকাল দলটির সদ্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে নেতারা এ অভিমত প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গতকাল সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এ টি এম মা’ছুম। কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম বৈঠকটি পরিচালনা করেন। এতে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন পরিচালনার কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে একাধিক সাব-কমিটি গঠন করা হয় এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। একই সাথে কমিটির কার্যক্রম জোরদার করতে আরো কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে বলা হয়, দেশবাসী এখনো ওসমান হাদি হত্যার বিচার পায়নি। দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই এবং মানুষ হত্যার ঘটনা ঘটছে। অথচ অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য পরিলক্ষিত হচ্ছে না। বৈঠকে আরো বলা হয়, সাম্প্রতিক কিছু ঘটনা প্রমাণ করে প্রশাসন কারো এক দিকে ঝুঁকে পড়ছে, যা কিছুতেই কাম্য নয়। এ প্রবণতা অবশ্যই বন্ধ করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবশ্যই চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করে জামায়াত। মাওলানা এ টি এম মা’ছুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিব করে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্য হিসেবে আছেন- অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মোবারক হোসাইন, মো: আব্দুর রব, আ ফ ম আব্দুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, প্রফেসর ডা: নজরুল ইসলাম, প্রফেসর ডা: এ কে এম ওয়ালিউল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, সাবেক সিনিয়র সচিব সফিউল্লাহ, সাবেক সচিব আব্দুল কাইয়ুম, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) সফিকুল ইসলাম, মেজর (অব:) মুহাম্মদ ইউনুস আলী, জাহিদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ড. হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড. মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম ও জাহিদুল ইসলাম।