হাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপে সংঘর্ষ : আহত ১০

Printed Edition

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ১০ ছাত্র আহত হয়েছে। গত রোববার বিকেল থেকে রাত পর্যন্ত চলে এ সংঘর্ষ।

জানা গেছে, নারী কেলেঙ্কারি, অভ্যন্তরীণ কোন্দল ও ক্ষমতার ভাগাভাগি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে উত্তেজনা চলছিল। তার জের ধরে গত রোববার বিকেলে শহীদ জিয়াউর রহমান হল এবং আবরার ফাহাদ হলের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে অংশ নিয়ে দুই হলের অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা ইটপাটকেলর ছোড়াছুড়ি করে। এ সময় সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে নিরাপদ আশ্রয় ছুটতে থাকে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

উল্লেখ্য, হাবিপ্রবির ইকোনমিকস বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী ও ইকোনমিকস ক্লাবের ভিপি সুজন ইসলামের বিরুদ্ধে এক নারীকে মেসেঞ্জারে উত্যক্ত করার অভিযোগে ওঠে। এর কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই শুরু হয় উত্তেজনা। অবশ্য অভিযুক্ত সুজন বলেন, এআইয়ের মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে স্কিনশটগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। ইতোমধ্যে আমি দিনাজপুর কোতোয়ালি থানায় জিডি করেছি।