পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : চবি ভিসি

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান বলেছেন, ক্যাম্পাসের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ আমাদের অন্যতম দায়িত্ব। বর্তমান সময়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। চবি প্রশাসন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এবং চবি ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের সহযোগিতায় গতকাল চবি জীববিজ্ঞান অনুষদ সংলগ্ন পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথা বলেন ভিসি। এ সময় উপস্থিত ছিলেন চবি প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম। ভিসি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতি বছর নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। এ বছরও আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখেছি। ইতোমধ্যে ১১ একর এলাকায় বৃক্ষরোপণের কাজ সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে এ বছর ২৫ একর জমিতে প্রায় ২৫ হাজার গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট এ কাজটি সুন্দরভাবে তত্ত্বাবধান করছে। এ সময় আরো উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: হাছান মিয়া, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, ছাত্রছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন, সহকারী প্রক্টরবৃন্দ, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি, জিএস সাঈদ বিন হাবিব, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমানসহ চাকসুর অন্যান্য প্রতিনিধি, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো: আবদুল আহাদসহ সংশ্লিষ্ট অনেকে। বিজ্ঞপ্তি।