নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে নাশকতার জন্য মশাল মিছিলের প্রস্তুতিকালে আটক করেছে পুলিশ। এ ছাড়া যাত্রাবাড়ী, পল্টন ও হাজারীবাগসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরো চারশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাতে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিলের প্রস্তুতিকালে অভিযান চালায় বনানী থানা পুলিশ। প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে একত্র হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজন নামধারী এবং চারজন শিশুকে আটক করা হয়। আটককৃতরা হলো- মো: আরিফ (১৯), মো: শাকিল আহমেদ (১৯) ও আশিক আহমেদ মোস্তফা (১৯)। এ সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া বিভাগ জানিয়েছে, বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১২ জন, মতিঝিলে ৭২ জন, ওয়ারীতে ৪৮ জন এবং তেজগাঁওয়ে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে একটি বিদেশী রিভলবার, তিন রাউন্ড গুলি, ৩০ কেজির বেশি গাঁজা এবং ১০ হাজারের বেশি ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও জাল নোট ও ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পল্টন মডেল থানা পুলিশ এক অভিযানে ২৫ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ২১ জন ডিএমপি অধ্যাদেশের বিভিন্ন অপরাধে এবং তিনজন পরোয়ানাভুক্ত আসামি। অন্য দিকে যাত্রাবাড়ী থানা এলাকায় পরিচালিত অভিযানে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে নিয়মিত মামলার আসামিও রয়েছে। এ ছাড়াও হাজারীবাগ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া বাড্ডার আফতাবনগর এলাকায় চোরাই এসির তারসহ দুই শিশুকে আটক করেছে পুলিশ।



