আনাদোলু
তেলআবিব ও বৈরুতের মধ্যে স্বাক্ষরিত রূপরেখা চুক্তি প্রতিদিন লঙ্ঘন করে ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে বাড়িঘর ধ্বংস ও পুড়িয়ে দিচ্ছে বলে গতকাল সোমবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে। বার্তা সংস্থাটির তথ্য অনুযায়ী, ইসরাইলি বাহিনী হাদাতা শহরের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে বাড়িঘর ধ্বংস এবং অগ্নিসংযোগ করছে।
গত রোববার ইসরাইলি বাহিনী দক্ষিণের শহর বিন্ত জুবাইলে একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটায়। ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতি এবং গত ২৬ জুন ২০২৬ তারিখে স্বাক্ষরিত একটি মার্কিন পৃষ্ঠপোষকতার রূপরেখা চুক্তি সত্ত্বেও এই সবশেষ ঘটনাগুলো ঘটেছে। ইসরাইল দক্ষিণ লেবাননের কিছু এলাকা দখল করে রেখেছে, যার কয়েকটি কয়েক দশক ধরে এবং অন্যগুলো ২০২৩ থেকে ২০২৪ সালের যুদ্ধের পর থেকে। সবশেষ যুদ্ধের সময় ইসরাইলি বাহিনী লেবাননের ভূখণ্ডের ভেতরে ১০ কিলোমিটার বা ছয় মাইলেরও বেশি অগ্রসর হয়েছিল।



