বগুড়া অফিস
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, বগুড়া মহানগরকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে কঠোর পদক্ষেপ নেয়া হবে। একই সাথে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া নগরবাসীর সেবার লক্ষ্যে বগুড়া ওয়াসা, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠন করা হবে। তিনি রোববার বগুড়া সিটি করপোরেশন হলরুমে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
প্রতিমন্ত্রী বলেন, নবগঠিত বগুড়া সিটির নাগরিকদের দুর্ভোগ কমাতে ফুটপাথ দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ফুটপাথ দখলমুক্ত করা হবে, তবে হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেয়া হবে। তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, বগুড়া পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠন, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ (বউক) ও নগরবাসীর নিরাপত্তার জন্য মেট্রোপলিটন পুলিশ, তিলোত্তমা বগুড়া গড়তে মাটিডালী থেকে বনানী পর্যন্ত এসি বাস, তিনটা রেলগেটে ওভারপাস নির্মাণ, সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণ ও ফুটবল স্টেডিয়াম নির্মাণসহ সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু করেছে। এসব প্রকল্প প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে তিনি জানান। সভায় উপস্থিত ছিলেন রেজাউল করিম বাদশা এমপি, সুরাইয়া জেরিন রনি এমপি, বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, ডিডি-এলজি রাজিয়া সুলতানা এবং জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরে তিনি দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ ও সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন ।
এদিকে পুলিশর আইজি মো: আলী হোসেন ফকির শনিবার জেলার আদমদীঘি থানার নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, বগুড়া মহানগরীতে মেট্রোপলিটন পুলিশ গঠন করা হবে। এ বিষয়টি প্রধান মন্ত্রী তারেক রহমান ঘোষণা করবেন।



