সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

ইউনিক ডিজাইনার্স বন্ধ ঘোষণা

আর্থিক সঙ্কটসহ নানা সমস্যায় ‘ইউনিক ডিজাইনার্স অ্যান্ড ইউনিক ওয়াশিং লিমিটেড’ পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে কারখানার অন্তত এক হাজার ৮০০ শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়ায় আশঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে গাজীপুর মহানগরীর বোর্ড বাজারে কারখানা পাশর্^বর্তী এলাকার স্থানীয় শ্রমিক, বাড়ির মালিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিরূপ প্রভাবের আশঙ্কা তৈরি হয়েছে। গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৬ জুন থেকেই মালিকপক্ষ আর্থিক সঙ্কটের কারণে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। তবে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বকেয়া বেতন এবং সার্ভিস বেনিফিটসহ অন্যান্য পাওনা বিধিমোতাবেক পরিশোধ করা হবে বলে জানিয়েছে শিল্প পুলিশ। ২১ জুন (রোববার) সকালে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২-এর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনের সভাপতিত্বে ত্রিপক্ষীয় আপস-মীমাংসা বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা প্রতিনিধি।

সাভারে ৩ পুলিশ প্রত্যাহার

সাভারে পুলিশ ক্যা¤প থেকে ছাত্র হত্যা মামলার আসামি পালানোর ঘটনায় দুই সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলসহ তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানার ওসি তদন্ত ও ভারপ্রাপ্ত কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করা নূর মোহাম্মদ নয়া দিগন্তকে তিন পুলিশ প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহারকৃতরা হলেন- সাভার মডেল থানা ও ভাকুর্তা ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলাম ও খায়রুল আলম ও কনস্টেবল তোফায়েল। জানা যায়, গত রোববার সকালে ছাত্র হত্যা মামলার আসামি আশাব উদ্দিনকে গ্রেফতার করে পুলিশ। পরে ভাকুর্তা ফাঁড়িতে নিয়ে আসা হলে দুপুরে গ্রেফতারকৃত আশাব উদ্দিন পুলিশকে ফাঁকি দিয়ে দৌড়ে পুলিশ ক্যা¤প থেকে পালিয়ে যান। এ ঘটনার পর সোমবার পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করা হয়। সাভার (ঢাকা) সংবাদদাতা।

কালীগঞ্জে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং কালীগঞ্জকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বালিয়াডাঙ্গা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াডাঙ্গা ন্যাশনাল প্রিক্যাডেট, ইকরা প্রি-ক্যাডেটের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন জোরদার করতে মানববন্ধন থেকে দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় কিংবা প্রশাসনিক শিথিলতার কারণে যেন কোনোভাবেই মাদক কারবারিরা ছাড় না পায়। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন বক্তারা। কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা।

ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের তালিকা দিতে নির্দেশ

হবিগঞ্জে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা প্রদান করতে ও ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশু শিক্ষার্থী এবং শিক্ষকদের নিরাপত্তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তা জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। হবিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: জাকির হোসেন টিপু গত মঙ্গলবার এক আবেদনের প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার, মাধবপুর উপজেলা শিক্ষা অফিসার ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাত দিনের মধ্যে এসব বিষয়ে প্রতিবেদন আকারে অবহিত করতে নির্দেশ প্রদান করেন। সম্প্রতি হবিগঞ্জের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে ছাদের পলেস্তারা ধসে পড়াসহ বিভিন্ন কারণে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় হবিগঞ্জ জজ কোর্টের আইনজীবী রুহিদাস রায় চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কার্যবিধির ২৫ ধারার জাস্টিস অব দ্যা পিস ক্ষমতাবলে আদেশ প্রদানের জন্য একটি আবেদন করেন। হবিগঞ্জ প্রতিনিধি।

পাংশায় সংঘর্ষে কৃষক নিহত

রাজবাড়ীর পাংশা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জমির বিশ্বাস (৫০) নামে এক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার রাত ৯টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের নাম জমির বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেপা মাজাইল গ্রামের হোসেন আলী বিশ্বাসের ছেলে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করে জানান, পাট্টা ইউনিয়নে এ ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে রোববার সকালে পাট্টা ইউনিয়নের মাজাইল গ্রাম এবং কসবামাজাইল ইউনিয়নের বাংলাট গ্রামের বাসিন্দাদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় জমির বিশ্বাসকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাজবাড়ী প্রতিনিধি।

নোয়াখালীতে ভুয়া র‌্যাব গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ-র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বেলাল হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বেলাল দীর্ঘদিন ধরে নিজেকে র‌্যাবের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। সরকারি চাকরি পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা এবং এক নারীর কাছ থেকে দুই লাখ টাকা নেয়ার অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নোয়াখালী অফিস।