মুসলিম লীগের আদর্শে ফেরার আহ্বান জুবেইদা কাদের চৌধুরীর

Printed Edition

আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে বাংলাদেশকে মুসলিম লীগের আদর্শে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবেইদা কাদের চৌধুরী। তিনি বলেন, দেশে আর কোনো স্বৈরাচারের উত্থান ঠেকাতে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে নতুন প্রজন্মকে মুসলিম লীগের পতাকাতলে এসে দেশ ও জাতির স্বার্থে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মো: আকরাম খাঁ মিলনায়তনে বাংলাদেশ মুসলিম লীগের ৫১তম পুনর্গঠন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় বক্তারা দাবি করেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান মুসলিম লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ করেন। পরে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের অবসান এবং চারটি সংবাদপত্র ছাড়া অন্য সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হলে রাজনীতিবিদ খান এ সবুর বিভিন্ন ধারার মুসলিম লীগকে ঐক্যবদ্ধ করে ১৯৭৬ সালের ৮ আগস্ট দলটি পুনর্গঠন করেন বলে তারা উল্লেখ করেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে আজাদ পার্টির আহ্বায়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বলেন, ভারতীয় আধিপত্যবাদ চিরতরে দূর করতে হবে। মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় মুসলিম লীগের বিকল্প নেই। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম বলেন, ‘মুসলিম লীগ সৃষ্টি না হলে পাকিস্তান হতো না, আর পাকিস্তান না হলে বাংলাদেশও হতো না।’ ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো: শহীদুল ইসলাম বলেন, মুসলিম লীগ দেশে সবচেয়ে বেশি উন্নয়ন করেছে। দলটি জনগণের কাছে গেলে এর গ্রহণযোগ্যতা বাড়বে এবং হারানো জনপ্রিয়তা ফিরে পাবে।

আলোচনা সভায় বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান, কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা, আবদুল খালেক, খন্দকার জিয়াউদ্দিন, ডা: খলিল ও মশিউর রহমান কায়েসসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।