মো: সেলিম রেজা গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের আগেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ার অভিযোগ উঠেছে। একই সাথে দেড় বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রায় সাত বছরেও প্রকল্পের নির্মাণকাজ শেষ না হওয়ায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ভবনের বিভিন্ন দেয়াল ও প্লাস্টারে ছোট-বড় ফাটল দেখা দিয়েছে। বিষয়টি সামনে আসার পর ক্ষতিগ্রস্ত অংশ কেটে পুনরায় সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হচ্ছে। তবে উদ্বোধনের আগেই ভবনে ফাটল দেখা দেয়ায় নির্মাণকাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া প্রকল্পের তথ্যসংবলিত সাইনবোর্ডও এলাকায় পাওয়া যায়নি।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে কোটালীপাড়া মডেল মসজিদের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৭৫ লাখ টাকা। জেলা গণপূর্ত বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, ২০১৯ সালের মে মাসে প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হলেও নির্ধারিত স্থানে ভূমি অফিসের পুরনো স্থাপনা থাকায় কাজ শুরুতে বিলম্ব হয়। পরে নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে প্রথম ঠিকাদার চুক্তি বাতিলের আবেদন করলে কার্যাদেশ বাতিল করা হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বদরুল ইকবাল লিমিটেডকে নতুন করে কার্যাদেশ দেয়া হয়। এরপরও নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি।
মডেল মসজিদ প্রকল্পে নারী-পুরুষের পৃথক নামাজ ও অজুর ব্যবস্থা, লাইব্রেরি, গবেষণা ও দ্বীনি কার্যক্রম, শিশু শিক্ষা, অতিথিশালা, হজযাত্রীদের প্রশিক্ষণ এবং ইমাম-মুয়াজ্জিনদের আবাসনের সুবিধা থাকার কথা রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বদরুল ইকবাল লিমিটেডের ম্যানেজার মাসুম বিল্লাহ বলেন, ভবনের কাঠামোগত কোনো ক্ষতি হয়নি, কেবল প্লাস্টারে ফাটল দেখা দিয়েছে। সেগুলো মেরামত করা হচ্ছে। প্রায় তিন কোটি টাকার বিল বকেয়া থাকায় কাজের গতি কিছুটা কমেছে। বকেয়া বিল পাওয়া গেলে দুই মাসের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, ফাটলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে একই অবস্থায় প্রকল্পটি পড়ে রয়েছে। কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেয়া হয়েছে। গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) রবিউল ইসলাম খান বলেন, ফাটলের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলীদের জানানো হয়েছে। তারা মেরামতের কাজ করছে। সরেজমিন পরিদর্শনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



