নির্বাচনের ১০ মাস পরও রাবি সিনেট প্রতিনিধিদের শপথ হয়নি

Printed Edition

রাবি প্রতিনিধি

দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হলেও প্রায় ১০ মাসেও তাদের শপথ গ্রহণ ও কোনো সভা অনুষ্ঠিত হয়নি। ফলে ভোটে নির্বাচিত পাঁচ শিক্ষার্থী এখনো বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারছেন না। এতে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

২০২৫ সালের ১৮ অক্টোবর অনুষ্ঠিত রাকসু ও সিনেট সদস্য নির্বাচনে সালাহউদ্দীন আম্মার, মোস্তাকুর রহমান জাহিদ, ফাহিম রেজা, আকিল বিন তালেব এবং সালমান সাব্বির নির্বাচিত হন। দীর্ঘ দিন ধরে সিনেট সভা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রতিনিধিরা। বিশ্ববিদ্যালয়ের নথি থেকে জানা যায়, সর্বশেষ ২০১৬ সালের ১৯ মে সিনেটের অধিবেশন বসেছিল। রাকসু এজিএস ও সিনেট সদস্য সালমান সাব্বির বলেন, সিনেট কার্যকর হলে বিশ্ববিদ্যালয় বাজেটসহ বিভিন্ন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মতামত জোরালো হতো। কিন্তু নির্বাচিত হওয়ার পরও অধিবেশন না বসানো প্রশাসনের সদিচ্ছার অভাব প্রকাশ করে। অন্য দিকে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জানান, বারবার দাবি জানানো সত্ত্বেও কোনো বাস্তব পদক্ষেপ দেখা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কিছু কারিগরি জটিলতার কথা স্বীকার করা হয়েছে। ভিসি অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, সমস্যাগুলো কাটিয়ে যত দ্রুত সম্ভব সিনেট চালুর চেষ্টা চলছে। অন্তত নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদকালের মধ্যে একটি হলেও অধিবেশন ডাকার পরিকল্পনা তাদের রয়েছে।