গাজার শাসনভার গ্রহণে প্রস্তুত ট্রাম্প মনোনীত টেকনোক্র্যাট সরকার

Printed Edition
ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজার বাস্তুচ্যুতদের আশ্রয়শিবির  : ইন্টারনেট
ইসরাইলি হামলায় ধ্বংসপ্রাপ্ত গাজার বাস্তুচ্যুতদের আশ্রয়শিবির : ইন্টারনেট

নয়া দিগন্ত ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠিত বোর্ড অব পিস গঠিত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটি গতকাল সোমবার জানিয়েছে, হামাস গাজা শাসনকারী কমিটি বিলুপ্তির ঘোষণা দেয়ার পর তারা উপত্যকার শাসনভার গ্রহণে প্রস্তুত। লন্ডন থেকে প্রকাশিত আশরাক আল আওসাতের খবর থেকে এ তথ্য জানা গেছে।

টেকনোক্র্যাট কমিটির প্রধান আলি শা’আছ সোমবার এক্সে শেয়ার করা পোস্টে লিখেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে গাজা প্রশাসনের জন্য গঠিত জাতীয় কমিটি প্রয়োজনীয় সম্পদ ও সক্ষমতা হাতে পেলেই তার জাতীয় দায়িত্ব গ্রহণে সম্পূর্ণ প্রস্তুত।’

এর আগে দিনের শেষ ভাগে হামাস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, তারা গাজায় তাদের কার্যত (ডি-ফ্যাক্টো) সরকার বিলুপ্ত করেছে এবং ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের ওই কমিটির কাছে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরে প্রস্তুত। একই সাথে, যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি পরিকল্পনার স্থবির হয়ে থাকা অন্যান্য অংশ বাস্তবায়নে ইসরাইলকে প্রতিশ্রুতি রক্ষার জন্যও চাপ দিচ্ছে সংগঠনটি।

যুদ্ধপরবর্তী গাজার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পরিকল্পনা উপস্থাপন করেছিলেন, ইসরাইলের সাথে অক্টোবর মাসে কার্যকর হওয়া একটি নাজুক যুদ্ধবিরতি শুরুর পর সেই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল হামাসের এক দশকেরও বেশি সময় ধরে পরিচালিত মন্ত্রণালয় তদারককারী শাসনব্যবস্থার অবসান ঘটানো। তবে হামাস জানিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় এবং সেখানে তাদের নিয়োগ দেয়া কর্মীরা বহাল থাকবেন। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর গাজার যেসব এলাকা এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেসব স্থানে নিরাপত্তা ও পুলিশি কার্যক্রমের তত্ত্বাবধানও হামাসই অব্যাহত রাখবে।

এ দিকে ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত বোর্ড অব পিস এই পরিকল্পনার বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য গঠিত হয়েছে। তারা জানিয়েছে-হামাসের ঘোষণাকে নোট করেছে। তবে বোর্ডের বক্তব্য, ‘চূড়ান্ত মূল্যায়নের ক্ষেত্রে আমরা প্রতিশ্রুতির চেয়ে কর্মকাণ্ডকেই গুরুত্ব দেবো, যাতে গাজার জনগণের জরুরি চাহিদাগুলো পূরণ করা যায়।’