ফের মাঠে পড়ে গেলেন মুসিয়ালা

Printed Edition
মুসিয়ালাকে মাঠ থেকে বের করে নিচ্ছেন দুই ফিজিও : ইন্টারনেট
মুসিয়ালাকে মাঠ থেকে বের করে নিচ্ছেন দুই ফিজিও : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে আবারো মাঠে পড়ে গেলেন বায়ার্ন মিউনিখ ও জার্মানির তারকা জামাল মুসিয়ালা। পরীক্ষায় তার সাময়িক একটি স্নায়বিক সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছেন ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে নিজের শারীরিক অবস্থা নিয়ে তিনি আশাবাদী এবং প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছেন বলেও জানিয়েছেন।

গত পরশু হাইডেনহাইমের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামার কিছুক্ষণ পরই হঠাৎ পড়ে যান মুসিয়ালা। দুই দলের খেলোয়াড়রা তাকে ঘিরে দাঁড়িয়ে থাকেন এবং চিকিৎসকরা মাঠে এসে তার চিকিৎসা দেন। পরে সতীর্থদের সহায়তায় মাঠ ছাড়েন তিনি।

এর মাত্র তিন দিন আগে লাইপজিগের বিপক্ষেও একই ধরনের ঘটনায় মাঠে পড়ে গিয়েছিলেন মুসিয়ালা। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, সেবার তিনি নিজে মাঠ ছাড়লেও কিছুটা হতবিহ্বল অবস্থায় ছিলেন।

গত মঙ্গলবারের ঘটনার পর ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানান মুসিয়ালা। তিনি বলেন, চিকিৎসকরা তার সাময়িক ‘অ্যাবসেন্স সিজার’ শনাক্ত করেছেন, যা একটি স্নায়বিক সমস্যার কারণে হয়ে থাকে। এ ধরনের সমস্যার কারণেই লাইপজিগ ও হাইডেনহাইমের ম্যাচে ঘটে যাওয়া ঘটনাগুলো ঘটতে পারে বলে জানান তিনি।

বায়ার্ন অবশ্য ম্যাচের প্রতিবেদনে ঘটনাটিকে ‘আঘাতের কারণে বদলি’ হিসেবে উল্লেখ করেছে। তবে মুসিয়ালা জানান, তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসা খুব ভালোভাবে চলছে।

তিনি বলেন, বর্তমানে অতিরিক্ত কোনো স্বাস্থ্যঝুঁকি নেই এবং নিজের সুস্থতার ব্যাপারে তিনি ‘খুবই আশাবাদী’। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক জীবনযাপন এবং ফুটবলের সাথে যুক্ত থাকাকেই সুস্থ হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। আগামী শনিবার জার্মান সুপারকাপে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন। মুসিয়ালা সেই ম্যাচে খেলতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।