নয়া দিগন্ত ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় বৃদ্ধ, ফেনীতে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র এবং কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছেন। এ ছাড়া কুমিল্লার গৌরীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় জামাল উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মোকামতলা-জয়পুরহাট সড়কের গনেশপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন গনেশপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জামাল উদ্দিন গনেশপুর বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় জয়পুরহাটগামী হানিফ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা বলেন, ওই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনা কমাতে সেখানে এলাকায় একটি স্পিডব্রেকার নির্মাণের দাবি জানান তারা।
ফেনীতে বাবার সামনেই স্কুলছাত্রের মৃত্যু
ফেনী অফিস জানায়, ফেনীতে অটোরিকশার ধাক্কায় বাবার সামনেই প্রাণ গেছে শাহেদ নামে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের। গতকাল সকালে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাটে এ দুর্ঘটনা ঘটে। শাহেদ ইউনিয়নের কাতালিয়া গ্রামের মো: ইসমাইল এর ছেলে ও ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাবা ইসমাইলের দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় সবজি বহনকারী অটোরিকশা শাহেদকে ধাক্কা দেয়। পরে তাকে দ্রুত ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলিয়ারচরে ট্রাক্টরচালক নিহত
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালক অমিত হাসান (২৪) নিহত হয়েছেন।
রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদীগামী সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত অমিত হাসান ছয়সূতী পূর্বপাড়া গ্রামের মরহুম কামাল মিয়ার বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অমিত হাসান ট্রাক্টর দিয়ে জমিতে হালচাষ করছিলেন। একপর্যায়ে ছয়সূতী বাসস্ট্যান্ড থেকে মাধবদী যাওয়ার সড়ক পার হওয়ার সময় ট্রাক্টরটি উল্টে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দাউদকান্দিতে বৃদ্ধ নিহত
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা জানান, গতকাল বিকেল দাউদকান্দির গৌরীপুর পেন্নাই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে পাঞ্জাবি ও লুঙ্গি ছিল। তার পরিচয় শনাক্তে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে পুলিশ।



