সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারে ২০২৬ সালের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা (উত্তর) শাখা। গতকাল রোববার সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত জমকালো অনুষ্ঠানে মোট ৫১৩ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।
ঢাকা জেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি আলমগীর হোসেন রাকিবের সভাপতিত্বে ও জেলা সম্পাদক সাইফুদ্দীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরাই মেধা ও নৈতিকতার সমন্বয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল কারিগর।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ডা: জুলফিকার আলী। এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ জেলা উত্তরের অন্যান্য নেতারা।
সভাপতির বক্তব্যে আলমগীর হোসেন রাকিব বলেন, শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে ভালো ফলাফলে উৎসাহিত করতেই এই আয়োজন। অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।



