হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৮৬০ জনে। সর্বশেষ মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকায় চারজন এবং দু’জন সিলেট বিভাগে মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন ৮১৮ শিশু। এর মধ্যে ৭৩৩ জনের দেহে হামের উপসর্গ মিলেছে। আর হাম শনাক্ত হয়েছে ৮৫ জনের।

এ ছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪৫ শিশু, আর সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৮২ শিশু।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৮৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৬ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৬৪ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ৩৩ হাজার ৬৩৮ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৬ হাজার ৭৪০ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৫০ হাজার ৩৭৮ শিশু। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ১৫ হাজার ৮৭৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে এক লাখ ১১ হাজার ৫৮৭ জন।

সিলেটে মৃত্যু পৌঁছেছে ১২০ জনে

সিলেট ব্যুরো জানান, সিলেটে হামের প্রকোপে ফের দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৪ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৩০৪ জন।

গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া চার মাসের আবু বকর নগরীর কাজলশাহ এলাকার এবং এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া সাত মাসের তাইফা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা।