রাজশাহী ব্যুরো
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন। সেখানে রাবি ভিসি প্রফেসর মো: ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো: মোস্তাফিজুর রহমানসহ রাষ্ট্রদূত জাদুঘরের গ্যালারিসমূহ এবং প্রাচীন পুঁথির সংগ্রহ ও গ্রন্থাগার পরিদর্শন করেন।
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন এই পরিদর্শন। তিনি বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর তথা রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন এবং আগামীতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
পরে ভিসি রাষ্ট্রদূতকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। রাষ্ট্রদূতের সাথে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



