তালা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ২ কর্মচারীকে বরখাস্ত

Printed Edition

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। গতকাল রোববার সকালে পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, ওষুধ সরবরাহ ও সার্বিক চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। এ ছাড়া তিনি রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান দেখতে হাসপাতালের রান্নাঘরও ঘুরে দেখেন।

পরিদর্শনকালে দায়িত্ব অবহেলার দায়ে দুই কর্মীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মন্ত্রী। কয়েক মাস আগে হাসপাতালের একটি এসির আউটডোর ইউনিট চুরির ঘটনায় গাফিলতির অভিযোগে নৈশপ্রহরী মোস্তফাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়া হয়। একই সাথে দায়িত্বে অনিয়মের অভিযোগে চিকিৎসক ডা: তন্নির বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তালা উপজেলা ৫০ শয্যার হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে, যাতে স্থানীয় বাসিন্দারা আরো মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা পেতে পারেন।

এ সময় তালা ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান, তালা থানার ওসি মো: সাখাওয়াত হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।