আজ পিএসজি আর্সেনাল বার্সেলোনা লিভারপুলের ম্যাচ

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের লড়াই গতকাল মাঠে গড়িয়েছে। লিগ পর্বে দ্বিতীয় দিনের সূচিতে রয়েছে ছয়টি ম্যাচ। এর মধ্যে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, রানার্সআপ আর্সেনাল, বার্সেলোনা, লিভারপুল, নাপোলি ও অ্যাথলেটিকো মাদ্রিদের মতো শক্তিশালী দলগুলো। ফলে ফুটবলপ্রেমীদের মাঝে অপেক্ষা করছে ইউরোপে ক্লাব ফুটবলের আরেকটি উত্তেজনার রাত।

দিনের প্রথম দু’টি ম্যাচের একটিতে ঘরের মাঠে বার্সেলোনা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের ক্লাব ফেইনুর্ডের। একই সময় নরওয়ের ভাইকিং এফকের বিপক্ষে খেলবে জার্মান ক্লাব স্টুটগার্ট। ঘরের মাঠে কাতালানদের আক্রমণভাগ বরাবরের মতোই প্রতিপক্ষের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। জয় দিয়েই নতুন মৌসযুম শুরু করতে চাইবে বার্সেলোনা। অন্যদিকে ইউরোপের বড় মঞ্চে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিতে মরিয়া ফেইনুর্ডও।

রাতের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত ইংল্যান্ডের লিভারপুল ও স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচ। অ্যানফিল্ডে মুখোমুখি হওয়া দুই দলের এই ম্যাচে আক্রমণাত্মক ও রক্ষণনির্ভর ফুটবলের ভিন্ন দুই দর্শনের লড়াই দেখা যেতে পারে। ইতালির ক্লাব নাপোলির মাঠে খেলবে ইংলিশ ক্লাব আর্সেনাল। দুই দলেরই শক্তিশালী স্কোয়াড থাকায় ম্যাচটি লিগ পর্বের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে খেলবে স্লোভাকিয়ার ক্লাব স্লোভান ব্রাতিস্লাভা বিপক্ষে। কাগজে-কলমে পিএসজি এগিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে ছোট দলগুলোর চমক নতুন কিছু নয়। তাই প্রথম ম্যাচেই কোনো ধরনের অঘটনের সুযোগ দিতে চাইবে না ফরাসি জায়ান্টরা। পর্তুগালের স্পোর্টিং সিপি খেলবে তুরস্কের গালাতাসারাইয়ের বিপক্ষে। দুই দলেরই ইউরোপীয় প্রতিযোগিতায় অভিজ্ঞতা থাকায় ম্যাচটি হতে পারে সমানতালে লড়াইয়ের।