রাশিয়ার মিত্র সার্বিয়ায় জেলেনস্কির ঐতিহাসিক সফর

Printed Edition

এএফপি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার প্রথমবারের মতো সরকারি সফরে সার্বিয়া গেছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরও মস্কোর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ইউরোপের হাতে গোনা কয়েকটি দেশের একটি সার্বিয়া। সফরে দেশটির সাথে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করবেন জেলেনস্কি।

বেলগ্রেড বিমানবন্দরে জ্বালানিমন্ত্রী দুব্রাভকা জেদোভিচ হান্দানোভিচ জেলেনস্কিকে স্বাগত জানান। পরে তিনি সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সাথে নৈশভোজে অংশ নেন। জেলেনস্কি এক্সে বলেন, ‘আমরা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক, উভয় দেশের জন্য উপকারী অন্যান্য বিষয় এবং নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করব।’

ঐতিহাসিকভাবে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এই পদক্ষেপটি ইইউকে ক্ষুব্ধ করেছে এবং জোটটিতে বেলগ্রেডের যোগদানের পথকে মন্থর করেছে।