গোলাম মঞ্জুরে মাওলা অপু লৌহজং (মুন্সীগঞ্জ)
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার পদ্মা সেতু চালুর সাড়ে তিন বছরে টোল আদায়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ২০২২ সালের ২৫ জুন উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে শুরু হওয়া টোল আদায় কার্যক্রমে চলতি বছরের ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সেতুর উভয় প্রান্তে সর্বমোট টোল আদায় হয়েছে দুই হাজার ৯৩৬ কোটি ১৫ লাখ ৭৮ হাজার টাকা। এ সময় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে পারাপার হয়েছে দুই কোটি ২৯ লাখ ২২ হাজার ৬৭৫টি যানবাহন।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) চালুর ফলে টোল আদায় আরো স্বচ্ছ ও গতিশীল হয়েছে। শুধু চলতি বছরের সর্বশেষ ছয় মাসে সেতুর উভয় প্রান্ত দিয়ে ৩৪ লাখ ২৭ হাজার ৫৯৮টি যানবাহন পারাপারে টোল আদায় হয়েছে ৪২৫ কোটি ৭৩ লাখ ২৩ হাজার ৯০০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ নিলয় গত শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সেতু চালুর প্রথম বছরে (২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৩ সালের ২৪ জুন) ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯টি যানবাহন পারাপারে টোল আদায় হয় ৭৯৮ কোটি ৬০ লাখ টাকা। দ্বিতীয় বছরে যানবাহন পারাপার হয় ৬৮ লাখের বেশি এবং টোল আদায় দাঁড়ায় ৮৫০ কোটি ৪৩ লাখ টাকা। তৃতীয় বছরে পারাপার হয় প্রায় ৬৯ লাখ ৭৭ হাজার যানবাহন, টোল আদায় হয় ৮৫৮ কোটি ৮৭ লাখ টাকা।
এদিকে গত ঈদুল আজহার আগে পদ্মা সেতু টোল আদায়ে নতুন রেকর্ড গড়ে। গত ৫ জুন একদিনে সর্বোচ্চ ৫২ হাজার ৪৮৭টি যানবাহন পারাপারে টোল আদায় হয় পাঁচ কোটি ৪৩ লাখ টাকা, যা একদিনে সর্বোচ্চ আয়। পরদিন ৬ জুন আদায় হয় চার কোটি ৪৭ লাখ টাকা।
উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের চূড়ান্ত ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ৭৭০ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



